আইন পেশায় শুরুতে অনেক পরিশ্রম করতে হয়: আইনমন্ত্রী
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ৩:০৭:০৬
আইনজীবী হিসেবে সফলতার জন্য পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুরুতে অনেক পরিশ্রম করতে হয়। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিক উভয়ই বাড়বে। পেশাগত জীবনের শুরুতেই অর্থের পেছনে না ছুটে নিজেকে একজন যোগ্য ও দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তোলার দিকেই মূল মনোযোগ দিতে হবে।
আইনজীবীদের পেশাগত নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বা শর্টকাটের পথ অবলম্বন করে দ্রুত অর্থবিত্ত অর্জনের চেষ্টা করা কোনোভাবেই উচিত নয়। মেধা, সততা, নীতি-নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে সমাজে নিজের অবস্থান তৈরি করতে হবে। মক্কেলের সঙ্গে পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্লায়েন্ট ইজ অ্যা ক্লায়েন্ট। ক্লায়েন্টের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখতে হবে এবং পেশার সর্বোচ্চ মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব কেবল অর্থের বিনিময়ে আইনি সহায়তা বা মামলা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজে পিছিয়ে পড়া, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের অন্যতম প্রধান সামাজিক ও পেশাগত দায়িত্ব।
