ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানের একটি নৌযানের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর আচরণ ছিলো ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় দুই দেশের নৌযানের সংঘর্ষ হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে ঘটে। সে সময় ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ নিয়মিত নজরদারি মিশনে ছিলো। এর কাছাকাছি দ্রুতগতিতে এগিয়ে আসে পাকিস্তানের একটি নৌযান। ভারতীয় সূত্রের দাবি, পাকিস্তানি জাহাজটি নিরাপদ ও পেশাদার নৌচলাচলের নিয়ম না মেনে কৌশল পরিবর্তন করায় শেষ পর্যন্ত দুই জাহাজের সংঘর্ষ হয়।
ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে নয়াদিল্লি। ভারতের অভিযোগ, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় চুক্তির একটি ধারা লঙ্ঘন করেছে।
১৯৯১ সালের ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত তৎপরতা ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য আদান-প্রদানের বিষয়টি নির্ধারণ করা হয়েছিলো। ভারতের দাবি, পাকিস্তানি নৌযানের আচরণ ওই চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
//আইই//
