নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি'র এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের
সংগৃহীত ছবি
ইয়েমেনের মারিব এলাকায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।
হুথিদের ভাষ্য, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনেই তৈরি বলে দাবি করেছে সংগঠনটি।
ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক তৎপরতায় সহায়তা করার সময় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করা হয়। হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, ‘আগ্রাসনের’ জবাব দিতে গিয়ে তাদের বাহিনী যুদ্ধবিমানটি ধ্বংস করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মারিব শহরের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে স্বাধীনভাবে ঘটনাটি যাচাই করা সম্ভব হয়নি।
হুথিদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে যুদ্ধবিমানটি সত্যিই ভূপাতিত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয় সৌদি নেতৃত্বাধীন জোট।
বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের পুরোনো সংঘাতও নতুন করে তীব্র হয়েছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুথিরা পবিত্র নগরী মক্কার দিকে ড্রোন ছুড়েছে। ওই ঘটনার পর মঙ্গলবার মক্কায় স্বল্প সময়ের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
সৌদি আরবের দাবি অনুযায়ী, মক্কার দিকে হুথিদের ড্রোন হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছিলো। একই সময়ে তায়েফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে কয়েক মিনিট পরই মক্কার সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। হুথিরা পবিত্র স্থান লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
//আইই//
