হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৪৯ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।
/শান্ত/
