প্রতিদিন কফি খেলে শরীরে কী ঘটে?
সকালে ঘুম থেকে উঠে কিংবা কাজের ফাঁকে ক্লান্তি কাটাতে অনেকেই কফি পান করেন। কারও অভ্যাস দিনে এক কাপ, আবার কেউ পান করেন কয়েক কাপ। কফিতে থাকা ক্যাফেইন শরীরকে সাময়িকভাবে চাঙা করে তুলতে পারে। পাশাপাশি হজম ও মলত্যাগের ওপরও কফির প্রভাব রয়েছে।
‘টাইমস নাও’-এর এক প্রতিবেদনে কফি পানের সম্ভাব্য উপকারিতা ও কিছু সতর্কতার কথা তুলে ধরা হয়েছে।
হজমে প্রভাব ফেলে কফি
কফি পান করলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। এটি গ্যাস্ট্রিনসহ কিছু হরমোনের ক্ষরণকে প্রভাবিত করতে পারে। এসব হরমোন পাকস্থলীর কার্যক্রমে ভূমিকা রাখে। এ ছাড়া কফি অন্ত্রের নড়াচড়া বাড়াতে পারে, ফলে কিছু মানুষের মলত্যাগের তাগিদ তৈরি হয়।
কোষ্ঠকাঠিন্যে কি উপকার হয়?
অনেকের ক্ষেত্রে কফি পানের পর মলত্যাগ সহজ হতে পারে। বিশেষ করে সকালে কফি পান করলে অন্ত্রের কার্যক্রম উদ্দীপ্ত হতে পারে। তবে কফি সবার কোষ্ঠকাঠিন্য দূর করে না। এ সমস্যা কমাতে পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চা গুরুত্বপূর্ণ।
যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি
কফির অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, অস্থিরতা, বুক ধড়ফড় কিংবা অ্যাসিডিটির উপসর্গ বাড়াতে পারে। বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের কফি পানের পরিমাণ ও সময়ের দিকে খেয়াল রাখা প্রয়োজন।
সব মিলিয়ে, পরিমিত কফি অনেকের দৈনন্দিন অভ্যাসের অংশ হতে পারে। তবে হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করার একমাত্র উপায় হিসেবে কফির ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনে গুরুত্ব দেওয়া উচিত।
/শান্ত/
