৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজশাহী নগরীর একটি হোটেলে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। এই সংকট কাটাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন বলেও দাবি করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন ও বিদ্যমান যন্ত্রপাতি সচল করা গেলে রোগ নির্ণয় সহজ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে বলে জানান প্রতিমন্ত্রী।
/শান্ত/
