নাশকতার পর ভারতে পালানোর পরিকল্পনা, আ.লীগের ১৪ নেতাকর্মী আটক
পাবনা শহরে নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব (৬২), তার সহযোগী মো. রাব্বি (২৩), মিথুন মিয়া (৩০), মো. হৃদয় (২০), ফয়সাল (১৮), আরাফাত হোসেন শুভ (১৮), শিমুল প্রামাণিক (১৬), মিজান প্রামাণিক (১৮), আলহাজ্ব খাঁ (২৪), নাজমুল হাসান (১৮), মতিউর রহমান (৩২), রঞ্জু শেখ (১৭), সাবিক (১৯) ও নাজমুল হোসেন (১৯)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বড় ধরনের নাশকতার জন্য তারা মাইক্রোবাসে করে পাবনা শহরে এসেছিলেন। নাশকতার পর ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হাতবোমা ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
// ইমরান//
