নিরাপত্তার দাবিতে সাজেক-বাঘাইহাট সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রাঙামাটির সাজেক-বাঘাইহাট সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। রবিবার (১১ অক্টোবর) ভোর ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটকদের যাতায়াতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। বৃহস্পতিবার একই দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার দেওয়া যৌথ বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র দল সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এবং স্থানীয়দের হুমকি-ভয়ভীতি দেখাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, নিরাপত্তা স্কর্টে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে ৯০টি যানবাহনে ৯০০-এর বেশি পর্যটক সাজেকে প্রবেশ করেছেন। কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, অবরোধের কারণে সকালের পরিবর্তে দুপুর ২টায় সরকারি স্কর্টে পর্যটকদের নেওয়ার কথা রয়েছে।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/শান্ত/
