পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধুপ্রতিম দেশ হিসেবে নিজেদের প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তিটি নবায়ন করবে এবং ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ।
রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে বিতর্ক ছিলো। ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লজ যুক্ত করে নবায়ন করা হলে সেই বিতর্কের অবসান হবে। এর মাধ্যমে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে।
এদিকে, মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। এই খবরে স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান।
/শান্ত/
