চুয়েট ভিসিকে উপাচার্য ভবন ছাড়ার আল্টিমেটাম শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চলমান অচলাবস্থার মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দুপুর ১২টার মধ্যে ভিসি ভবন ছাড়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন।
এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভিসি ভবন না ছাড়লে ফটকে তালা দেওয়া হবে। পোস্টে শিক্ষার্থীদের সবাইকে ভিসি ভবনের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চুয়েট শিক্ষার্থী ফাইয়াজ কৌশিক বলেন, ভিসি ছাত্রদলের পাহারায় ক্যাম্পাসে প্রবেশ করেছেন জানতে পেরে সাধারণ শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমরা ভিসিকে দুপুর ১২টার মধ্যে ভবন ত্যাগ করার আলটিমেটাম দিয়েছি। ভবন ত্যাগ না করলে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে চুয়েটে। এর মধ্যে সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
/আকরাম/
