ঝিলমিলে অস্থায়ী টার্মিনাল থেকে চলবে ১৯ জেলার বাস
রাজধানীর যানজট নিরসনে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার বাস চলাচলের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টার্মিনালটির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এই টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এতে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই টার্মিনাল চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।
/আকরাম/
