টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানাটিতে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ফায়ার স্টেশন-এর ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশন-এর ৪টি, মিরপুর থেকে HAZMAT টেন্ডার, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন-এর ২টি ও পূর্বাচল ফায়ার স্টেশন-এর ৩টি মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।
তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
/এমএএইচ/
