প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান
প্রকল্পের অর্থ আত্মসাৎ ও সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন খামারিরা। বদলির পর শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় কার্যালয় ছাড়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিক্ষুব্ধরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মানববন্ধন চলাকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডা. জয়িতা বসুর শেষ কর্মদিবস উপলক্ষে দপ্তরে ঘরোয়া বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে আন্দোলনরত খামারিরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ পাহারায় তিনি কার্যালয় ত্যাগের সময় তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
খামারিদের অভিযোগের পর গত ২৩ আগস্ট অফিস আদেশে তাকে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বদলি করা হয়। এর আগে গত ১৫ আগস্ট ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনও করেন।
মোহাম্মদপুর আসিফ এগ্রোর স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান আসিফ গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খামারিদের প্রশিক্ষণ ও প্রকল্পের অর্থ আত্মসাতের পাশাপাশি দপ্তরের সরকারি সরঞ্জাম বিক্রি করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডা. জয়িতা বসু বলেন, সমস্ত কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়েছে। তিনি কোনো দুর্নীতি-অনিয়ম করেননি।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তার অনুরোধে কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই বিষয়ে ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
//রুশা//
