প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।
জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার প্রায় এক মিনিটের মাথায় হঠাৎ মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেও এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পরদিন রবিবার পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জিএম মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।
// ইমরান//
