মন্ত্রীদের সমালোচনা করলেই গ্রেপ্তার করা হচ্ছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে কথা বলার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে এবং সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে এনসিপির নেতাকর্মীদেরই টার্গেট করা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডিএমপির এক কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পুলিশ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক বক্তব্যের মতো করে এই ধরনের মন্তব্য করতে পারেন না।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গুলশানের মতো এলাকায় আওয়ামী লীগের মিছিল হলেও সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হচ্ছে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এবং বদলি-পদোন্নতিতে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীলতার কারণে পুলিশ দলীয়করণের দিকে যাচ্ছে।
দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম নিয়েও সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, বাজেটের সময় সরকার দ্রব্যমূল্য না বাড়ার কথা বললেও পরে নিত্যপণ্যের দাম বেড়েছে এবং দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
/শান্ত/
