জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বাইরে থেকে ঢিল ছুড়ে বাসার জানালার কাচ ভেঙে ফেলে।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সকালে নাশতা করার সময় হঠাৎ চারদিক থেকে তার বাসা লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ায় তখন বাসায় লোকজন কম ছিলেন। ঢিলের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে বাসার গেটে তালা থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জি এম কাদেরের বাসায় হামলার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে হামলাকারীরা চলে যায়।
ওসি বলেন, সাধারণ জনতার ব্যানারে ৩০ থেকে ৪০ জন ওই বাসায় হামলা চালায়। তারা বাইরে থেকে ঢিল ছুড়ে ভাঙচুর করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলার সময় জি এম কাদেরের বাসভবনের সামনে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে কিছু লোক। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁরা জি এম কাদেরের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এই সময় বিক্ষোভকারীরা বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
/শান্ত/
