প্রবাসী কার্ডে রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে: নুরুল হক
প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, বর্তমানে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পান। প্রবাসী কার্ড চালুর পরীক্ষামূলক কার্যক্রম কয়েকটি দেশে চলছে। এই কার্ডে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, আর্থিক লেনদেনও করা যাবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর ৩ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক।
তিনি বলেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি আছে। এসব প্রতিষ্ঠানের কাজের মান ও দক্ষতা বিবেচনায় গ্রেডিং করা হলে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে। এতে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারক করা সহজ হবে।
অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে অভিবাসনপ্রক্রিয়ায় প্রতারণা ও অনিয়ম বন্ধ করা কঠিন।
/মাহফুজুর/
