আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের খোঁজে দুদক
দেশে-বিদেশে সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার আর্থিক তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য চাওয়া হয়।
চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির দেশে থাকা ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লেনদেন, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, ঋণ, লকার এবং ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি, বিনিয়োগ, ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদের তথ্য সংগ্রহের অনুরোধ জানিয়েছে দুদক। এসব দেশে অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ-পদায়ন, টেন্ডার ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৩ সেপ্টেম্বর নতুন অভিযোগও চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার কথা জানায় সংস্থাটি।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত নয়; দুদক অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করছে।
//রুশা//
