স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ২০২৭ সালের ৬ জুনের আগে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এই কথা বলেন।
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নভেম্বর থেকে আগামী বছরের মে পর্যন্ত নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের যে প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিলো, তার পরিবর্তন করা হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। পরবর্তী বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার বলেন, পুরো নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পরীক্ষা। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় পাওয়া যাবে। আবার রোজা ও বোর্ড পরীক্ষা শুরু। টাইট শিডিউলে কীভাবে সব আঁটানো যায় সেটা নিয়ে পরিকল্পনা হবে। তবে ইসি আগের পরিকল্পনা থেকে সরে আসেনি।
//ইমরান//
