এশিয়ান গেমসে এবার ৬-০ গোলে হারলো বাংলাদেশ
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে নারী ফুটবলে টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া'র কাছে ৬-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।
প্রথমার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ। বিরতির পর দক্ষিণ কোরিয়া আরও চারবার বাংলাদেশের জালে বল পাঠায়। কিম মিনজি, জং দাবিন, চোয়ে ইউরি, জি সো-ইউন, হিয়ন সুলগি ও কো ইউজিন ৬ জনই একটি করে গোল করেন।
ম্যাচের শুরুতে অবশ্য বাংলাদেশের রক্ষণ বেশ কিছুটা সময় দক্ষিণ কোরিয়া'র আক্রমণ সামলাতে পেরেছিলো। ১৬ মিনিটে কিম মিনজি'র গোলে প্রথমবার এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে ৪২ মিনিটে জং দাবিনের গোলে ব্যবধান ২-০ করে তারা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। ৫৬ মিনিটে আনিকা সিদ্দিকী দক্ষিণ কোরিয়া'র বক্সে ঢোকার চেষ্টা করেন, তবে তাঁকে আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এর দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস থেকে আবারও সুযোগ তৈরি করেন আনিকা। তাঁর শটও আটকে দেন দক্ষিণ কোরিয়া'র গোলরক্ষক।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটে চোয়ে ইউরির গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৭৭ মিনিটে জি সো-ইউন চতুর্থ গোল করার পর ৭৯ মিনিটে হিয়ন সুলগি ব্যবধান বাড়িয়ে দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে কো ইউজিনের গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
আগের ম্যাচের তুলনায় এবার বাংলাদেশ একাদশে ৬ টি পরিবর্তন এনেছিলো। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হারের ম্যাচে বাইরে থাকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র ও গোলরক্ষক রুপনা চাকমাকে দক্ষিণ কোরিয়া'র বিপক্ষে শুরু থেকেই খেলান বাটলার।
তবে অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরিয়েও ফল বদলানো যায়নি। ম্যাচে দক্ষিণ কোরিয়া'র দাপট ছিলো স্পষ্ট। তাঁদের বল দখল ছিলো প্রায় ৭৫ শতাংশ। ২০টি শটের ১৩টিই ছিলো লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছে।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে হার। অর্থাৎ দুই ম্যাচে বাংলাদেশ ১৬ গোল হজম করেছে, বিপরীতে এখনো কোনো গোল করতে পারেনি।
এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর। ওই ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে তারা। দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারকে ৫-০ গোলে হারিয়েছিলো।
//আইই//
