ঋণ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
ঋণ মানুষের জীবনের প্রয়োজনীয় আর্থিক কার্যক্রমের অংশ হলেও অতিরিক্ত ঋণের বোঝা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইসলামেও দ্রুত ঋণ পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঋণ থেকে মুক্তি ও দুশ্চিন্তা দূর করতে হাদিসে একাধিক দোয়ার কথা উল্লেখ রয়েছে।
এর মধ্যে একটি দোয়া হলো—
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ: হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন।
আলী বিন আবু তালিব (রা.)-এর কাছে এক চুক্তিবদ্ধ দাস ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানালে তিনি রাসুল (সা.)-এর শেখানো এ দোয়াটি পড়তে বলেন। তিনি জানান, কারও ওপর পাহাড়সম ঋণ থাকলেও আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন। (তিরমিজি, হাদিস: ৩৫৬৩)
আরেকটি দোয়া এসেছে হাদিসে—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
অর্থ: হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই; অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে আপনার আশ্রয় চাই।
আনাস ইবনে মালিক (রা.) বলেন, তিনি নবী করিম (সা.)-কে বহুবার এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করতে শুনেছেন। (বুখারি, হাদিস: ৬৩৬৯; মুসলিম, হাদিস: ২৭০৬)
/শান্ত/
