এশিয়ান গেমস
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের হিটে চতুর্থ হলেও সেরা টাইমিংয়ের ভিত্তিতে পরের পর্বের টিকিট পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে ১০০ মিটারের পঞ্চম হিটে দৌড়ান ইমরানুর। ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে তিনি চতুর্থ হন। এই হিটে তৃতীয় হওয়া চাইনিজ তাইপের চুন-হান ইয়াং সময় নেন ১০.৩৮ সেকেন্ড।
১০০ মিটারে ছয়টি হিটের প্রতিটিতে প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাদের বাইরে ছয় হিট মিলিয়ে সেরা ছয় টাইমিং করা অ্যাথলেটও জায়গা পান পরের পর্বে। ইমরানুর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে উঠেছেন।
ইমরানুরের ক্যারিয়ারসেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা সময়ও ১০.৪৯ সেকেন্ডের চেয়ে দ্রুত। ফলে নিজের সেরা ছন্দে না থেকেও পরের পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের এই স্প্রিন্টার।
/শান্ত/
