এশিয়ান গেমস হকি
আমিরুল-আশরাফুলের জোড়ায় শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ
এশিয়ান গেমস হকিতে (পুরুষ) জয়ের দেখা পেলো বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ৮ মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১৬তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। ২ মিনিট পরই শ্রীলঙ্কা একটি গোল শোধ করে। ১৮তম মিনিটে কুশল ভীরাপ্পোলির গোলে ব্যবধান দাঁড়ায় ২-১।
এরপর শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার কোন সুযোগ দেয়নি বাংলাদেশ। ২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন আমিরুল ইসলাম। ৪৩তম মিনিটে মাহবুব হোসেইনের গোলে বাংলাদেশের লিড হয় ৪-১।
শেষ কোয়ার্টারেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৫৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল ইসলাম। ব্যবধান দাঁড়ায় ৫-১।
এশিয়ান গেমসে টানা দুই হারের পর এটি বাংলাদেশের পুরুষ হকি দলের প্রথম জয়। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিলো জিমি, আমিরুলরা।
৩ ম্যাচে ১ জয় ও ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
//ইমরান//
