দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমলো দেশের গ্যাস সরবরাহ
চট্টগ্রামের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশে এলএনজি সরবরাহ কমেছে প্রায় ৩২ কোটি ঘনফুট। এতে মোট গ্যাস সরবরাহও কমেছে প্রায় ২৯ কোটি ঘনফুট।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশে এলএনজি সরবরাহ ছিলো ৬৮ কোটি ৬০ লাখ ঘনফুট। ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় যা ছিলো ১০০ কোটি ৩০ লাখ ঘনফুট। তিন দিনের ব্যবধানে সরবরাহ কমেছে ৩১ কোটি ৭০ লাখ ঘনফুট।
একই সময়ে দেশে মোট গ্যাস সরবরাহ ২৫৯ কোটি ১০ লাখ থেকে কমে ২৩০ কোটি ১০ লাখ ঘনফুটে নেমেছে। তবে দেশীয় গ্যাসের সরবরাহ ১৫৮ কোটি ৮০ লাখ থেকে বেড়ে ১৬১ কোটি ৫০ লাখ ঘনফুট হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তরে বিঘ্ন ঘটছে। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাস সরবরাহ কমেছে।
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহে চাপ তৈরি হতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
/শান্ত/
