ফুলহাম একাডেমির বর্ষসেরা ফুটবলার বাংলাদেশের ফারহান
সংগৃহীত ছবি
ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে বছরের সেরা ফুটবলারের সম্মান পেলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। সতীর্থ ও কোচিং স্টাফদের ভোটে ১৯ বছর বয়সী এই ফুটবলার ‘জনি হেইনস ট্রফি’ জিতেছেন। ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি বিজয়ী হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ফুলহামের অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে ফারহানের হাতে ট্রফিটি তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট। একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। সম্প্রতি লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া ফারহানের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে হলেও তাঁর মূল পারিবারিক শিকড় সিলেটে। চেলসি একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হওয়ার পর ২০১৯ সালে তিনি ফুলহামের যুবদলে যোগ দিয়েছিলেন।
গত মৌসুমে অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগ টু'তে দুর্দান্ত পারফর্ম করেন ফারহান। ২১টি ম্যাচ খেলে সরাসরি ১৭টি গোলে অবদান রেখে ফুলহামকে পয়েন্ট তালিকার ৪ নম্বরে তুলতে তিনি ভূমিকা রেখেছিলেন। ওই পারফরম্যান্সের সুবাদে গত নভেম্বরে যুব লিগের মাসসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন এই তরুণ। বর্তমানে তিনি ধারে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের দল বোরহাম উডের হয়ে খেলছেন। ইতোমধ্যে ৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও ফারহানের পথচলা শুরু হয়েছে বেশ চমৎকারভাবে। সম্প্রতি আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেন তিনি। ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটে এই অভিজ্ঞতার কথা জানিয়ে ফারহান বলেছেন, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিলো। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।
সতীর্থদের ভোটে ক্লাবের সেরা হওয়ার পর অনুভূতি প্রকাশ করে ফারহান জানিয়েছেন, এই পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে।
//আইই//
