ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের ১২ বছরের কারাদণ্ড চাইলো রাষ্ট্রপক্ষ
সংগৃহীত ছবি
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুকের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আর্জেন্টিনার আদালতে মামলার চূড়ান্ত যুক্তিতর্কে এ আবেদন জানানো হয়।
ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ৭ জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে অন্যদের ৪ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, অস্ত্রোপচারের পর ম্যারাডোনাকে হাসপাতালে না রেখে তিগ্রের একটি ভাড়া বাসায় চিকিৎসা দেওয়া হয়েছিলো। সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জরুরি সেবার ব্যবস্থা ছিলো না। মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা গেলেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। আসামিরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ৭ জন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে।
//আইই//
