ডি মারিয়ার ঝলক, বড় জয়ে শীর্ষে রোসারিও সেন্ট্রাল
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার লিগা প্রফেশনালে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রোসারিও সেন্ট্রাল। অ্যাঞ্জেল ডি মারিয়ার দারুণ জোড়া গোলে এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠ গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো দুই দল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে রোসারিওকে প্রথম এগিয়ে নেন ডি মারিয়া। এরপর ম্যাচের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে অ্যালেক্স আর্সে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া। একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা দলটি দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে। রোসারিওর হয়ে বাকি গোলগুলো করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।
এই জয়ে ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে জোন 'বি'-এর শীর্ষে এবং সার্বিক পয়েন্ট তালিকার চার নম্বর স্থানে উঠে এসেছে রোসারিও সেন্ট্রাল। পরবর্তী রাউন্ডের ম্যাচে অ্যাতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে দলটি। অন্যদিকে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া তাদের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে তিগ্রেকে আতিথ্য দেবে।
//আইই//
