পাকিস্তান ক্রিকেটের ভেতরের চিত্র তুলে ধরলেন সাবেক কোচ গিলেস্পি
পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলের অস্থিরতা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। তাঁর অভিযোগ, বর্তমান সংকটের মূল কারণ প্রধান নির্বাচক আকিব জাভেদ। এমনকি আকিব দায়িত্বে থাকলে পাকিস্তান ক্রিকেট আরও পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন অস্ট্রেলিয়া'র সাবেক পেসার গিলেস্পি। তবে মাত্র ৮ মাসের মাথায়, ওই বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আকিব জাভেদকে নিয়ে একাধিক অভিযোগ করেন গিলেস্পি।
গিলেস্পির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের কোচ হওয়ার আগে দলটির অভ্যন্তরীণ অস্থিরতা সম্পর্কে তিনি অবগত ছিলেন। তারপরও ঐতিহ্যবাহী একটি টেস্ট দলের দায়িত্ব নেওয়ার সুযোগকে ক্যারিয়ারের বড় সম্ভাবনা হিসেবে দেখেছিলেন তিনি।
দায়িত্ব নেওয়ার সময় পাকিস্তানি পেস বোলিংয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথা তাঁকে জানানো হয়েছিলো। পেসারদের সহায়ক বাউন্স থাকবে - এমন উইকেট তৈরির কথাও বলা হয়েছিলো। কিন্তু আকিব জাভেদ প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে দাবি গিলেস্পির।
তাঁর অভিযোগ, আকিব দায়িত্ব নেওয়ার পর দল পরিচালনা, খেলোয়াড় ও কোচিং স্টাফের দেখভাল এবং দল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মতামতও নেওয়া হতো না বলে দাবি করেছেন সাবেক এই কোচ।
গিলেস্পি বলেন, পুরো অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিলো। এমনকি কোচিং পেশা চালিয়ে যাবেন কি না, তা নিয়েও তিনি সন্দিহান হয়ে পড়েছিলেন। তাঁর দাবি, আকিব জাভেদ তাঁকে যথাযথ সম্মান দেননি এবং শুরু থেকেই নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।
পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আকিবের ঘনিষ্ঠ সম্পর্কই তাঁকে অনেকটা ‘অস্পৃশ্য’ করে তুলেছিলো বলেও অভিযোগ করেছেন গিলেস্পি। তাঁর মতে, আকিব অন্যের মতামত গ্রহণে আগ্রহী ছিলেন না এবং নিজের সিদ্ধান্তই কার্যকর করতে চাইতেন।
আকিব জাভেদ তাঁর ও পাকিস্তানের সাদা বলের সাবেক কোচ গ্যারি কারস্টেনের চুক্তি এবং পাকিস্তানে পর্যাপ্ত সময় না কাটানো নিয়ে যে সমালোচনা করেছিলেন, সেটিও প্রত্যাখ্যান করেছেন গিলেস্পি। তাঁর দাবি, পাকিস্তানে ট্রেনিং ক্যাম্প, ঘরোয়া ক্রিকেট দেখা এবং সিরিজের প্রস্তুতিতে সময় দেওয়ার ব্যাপারে তাঁরা দু'জনই প্রস্তুত ছিলেন। তবে খেলা না থাকলে বিদেশি কোচদের কিছু সময় নিজ দেশে কাটানো স্বাভাবিক।
খেলোয়াড়ি জীবনে আকিব জাভেদের প্রতি তাঁর যে শ্রদ্ধা ছিলো, কোচ হিসেবে কাজ করার পর তা আর নেই বলেও জানিয়েছেন গিলেস্পি। শৈশবে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও আকিব জাভেদের মতো পাকিস্তানি পেসারদের দেখে অনুপ্রাণিত হওয়ার কথাও স্মরণ করেন তিনি।
এদিকে পাকিস্তানের বর্তমান সাদা বলের কোচ মাইক হেসনকেও সতর্ক করেছেন গিলেস্পি। নিজের নীতি ও মতের সঙ্গে আপস না করার পরামর্শ দিয়ে তাঁকে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন সাবেক এই কোচ।
পিসিবি'র কাছে এখনো তাঁর বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে বলে জানিয়েছেন গিলেস্পি। সেই অর্থের কারণে নিজের নীতির সঙ্গে আপস করতে রাজি ছিলেন না বলে দাবি তাঁর।
