গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জাহেদ উর রহমান
গ্যাসের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকায়ও কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকট আর এতোটা প্রকট থাকবে না।
ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, রাজধানীতেও কিছুটা সংকট সবাইকে মেনে নেওয়া উচিত। ঢাকা দেশের সবচেয়ে বড় শহর। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। তিনি আরও বলেন, ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব, এমন ধারণা থেকে সরকার সরে আসছে। এই কারণে ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে।
২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্টের গড় লোডশেডিংয়ের তুলনা তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিলো ৯৬৯ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুনে ৭৪১ মেগাওয়াটে নেমেছে। জুলাইয়ে ৬১৩ মেগাওয়াট থেকে কমে ২০২৬ সালে হয়েছে ৪৬০ মেগাওয়াট।
//রুশা//
