টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ খরচ বাংলাদেশ ব্যাংকের
নতুন ব্যাংকনোট মুদ্রণ বাবদ বাংলাদেশ ব্যাংকের ব্যয় এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ২০২৫-২০২৬ অর্থবছরে নোট ছাপতে কেন্দ্রীয় ব্যাংকের খরচ হয়েছে ৪৫৮ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা, যা ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় ৯৫ দশমিক ৪৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে নোট মুদ্রণ খাতে ব্যয় হয়েছিলো ২৩৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকা। এক বছরের ব্যবধানে নোট তৈরির খরচ বেড়েছে ২২৪ কোটি ১৪ লাখ ৮ হাজার টাকা। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী নোট বাজার থেকে তুলে নতুন নোট ছাড়ার নিয়মিত মুদ্রা ব্যবস্থাপনার অংশ হিসেবে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হয়।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৈশ্বিক বাজারে কাগজ-কালির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় মূলত খরচ অস্বাভাবিক বেড়েছে।
// ইমরান//
