৩০ বছর পর ক্যাম্প ন্যু-তে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
সংগৃহীত ছবি
প্রায় ৩ দশক পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনা'র ক্যাম্প ন্যু-তে। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক হিসেবে স্টেডিয়ামটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উয়েফা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ১৯৯৯ সালে ক্যাম্প ন্যু-তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিলো। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে নাটকীয়ভাবে হারিয়ে শিরোপা জিতেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২৯ সালের ফাইনালের আগেই ক্যাম্প ন্যু'র সংস্কারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে বার্সেলোনার। বর্তমানে গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ ও ছাদ স্থাপনের কাজ বাকি। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে সংস্কার শেষ হওয়ার কথা। এরপর স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ৫ হাজার।
২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর এটি হবে স্টেডিয়ামটির তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামও তিনবার ফাইনাল আয়োজন করেছে। আর চলতি মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে অ্যাতলেতিকো মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে।
থেসালোনিকি'র সভায় উয়েফা আরও কয়েকটি ইউরোপীয় প্রতিযোগিতার ভবিষ্যৎ ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে। ২০২৮ সালের নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। পরের বছর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে।
ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে রোমানিয়া'র বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা। ২০২৯ সালের ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে।
কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনালের আয়োজক ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম। ২০২৯ সালের ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
এ ছাড়া ২০২৭ সালের উয়েফা সুপার কাপ হবে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এবং ২০২৮ সালের সুপার কাপ অনুষ্ঠিত হবে কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়। ২০২৭ ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করবে সুইজারল্যান্ডের বিয়েল বিয়েন অ্যারেনা।
