রাজধানীতে যানজট কমাতে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজ সমন্বিতভাবে পরিচালনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেমের মাধ্যমে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটি ও এর আশপাশের উন্নয়নমূলক কাজ যাতে সমন্বিতভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে এই সমন্বয় সভা করা হয়েছে। এক সংস্থা কাজ শেষ করার পরপরই আরেক সংস্থা একই স্থানে যাতে পুনরায় খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও ডেসাসহ অন্যান্য সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা হবে।
মন্ত্রী আরও বলেন, নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা আসছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন।
রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে চিহ্নিত করে তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নীতিমালার মধ্যে আনার প্রক্রিয়া চলছে। আকস্মিকভাবে কাউকে পুরোপুরি বেকার না করে পর্যায়ক্রমে ডিসিপ্লিনে আনা হচ্ছে।
//রুশা//
