এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান, বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস
এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানের পর বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি খাতটিতে বিপুল বিনিয়োগের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) এআই খাতের উত্থানের অন্যতম চালিকাশক্তি চিপ কোম্পানিগুলোর শেয়ারে সবচেয়ে বড় পতন দেখা যায়। ওয়াল স্ট্রিটে প্রযুক্তিনির্ভর নাসডাক-১০০ সূচক দিনের শুরুতে ১ দশমিক ২ শতাংশ কমে ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সূচকটি প্রায় ০ দশমিক ৪ শতাংশ নিচে ছিল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ৫ দশমিক ২ শতাংশ কমেছে। এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার ৩ শতাংশ, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের ৪ দশমিক ৫ শতাংশ এবং মাইক্রনের শেয়ার ৫ দশমিক ৪ শতাংশ কমেছে। সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা ল্যাম রিসার্চ ও অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এবং প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ব্লুম এনার্জির শেয়ারও ৬ শতাংশের বেশি কমেছে।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপ ও এশিয়ার বাজারেও প্রযুক্তি শেয়ারে বড় পতন হয়েছে। দিনের শুরুতে ইউরোপের প্রযুক্তি খাতের সূচক ২ দশমিক ২ শতাংশ কমে যায়। এর মধ্যে চিপ সরঞ্জাম নির্মাতা এএসএমএলের শেয়ার ৬ শতাংশ পড়ে যায়। ইনফিনিয়ন ও সিমেন্স এনার্জির শেয়ারেও বড় দরপতন দেখা যায়।
এশিয়ার বাজারে সফটব্যাংকের শেয়ার ১০ শতাংশের বেশি কমেছে। চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও এসকে হাইনিক্সের শেয়ারও দর হারিয়েছে।
এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক সতর্কবার্তার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এখন শুধু প্রযুক্তিটির ভবিষ্যৎ নয়, এই খাতে বিপুল ব্যয়ের স্থায়িত্ব নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
//রুশা//
