নতুন আইফোনে বড় চমক, এলো ফোল্ডেবল ডুও
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন উন্মোচন করেছে অ্যাপল। ‘আইফোন ডুও’র পাশাপাশি আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স, এয়ারপডস ৫ এবং নতুন অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন পণ্যগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের পাশাপাশি সাবেক সিইও টিম কুকও উপস্থিত ছিলেন।
আইফোন ডুও খোলা অবস্থায় ৭ দশমিক ৬ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় ৫ দশমিক ৪ ইঞ্চি পর্দা পাওয়া যাবে। এতে এ২০ প্রো চিপ ও দু'টি ব্যাটারি রয়েছে। অ্যাপলের দাবি, শুধু বাইরের পর্দা ব্যবহার করেও একবার চার্জে সর্বোচ্চ ৪৪ ঘণ্টা ভিডিও দেখা যাবে। আইওএস ২৭-এ ‘স্প্লিট ভিউ’ সুবিধার মাধ্যমে একই সময়ে পাশাপাশি দু'টি অ্যাপ চালানো যাবে।
‘স্টার হোয়াইট’ ও ‘নাইট স্কাই’ রঙে পাওয়া যাবে আইফোন ডুও। দাম শুরু ১ হাজার ৯৯৯ ডলার থেকে। ১৬ অক্টোবর থেকে আগাম অর্ডার নেওয়া হবে, আর ২৩ অক্টোবর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশে বিক্রি শুরু হবে।
আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হয়েছে। দুই মডেলেই রয়েছে দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ।
আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হবে যথাক্রমে ১ হাজার ১৯৯ ও ১ হাজার ২৯৯ ডলার থেকে। ১২ সেপ্টেম্বর থেকে অগ্রিম অর্ডার এবং ১৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কয়েকটি দেশে বিক্রি শুরু হবে।
এয়ারপডস ৫-এ এএনসি সুবিধা যুক্ত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, এয়ারপডস ৪-এর এএনসি সংস্করণের তুলনায় এটি বাইরের শব্দ ৫০ শতাংশ পর্যন্ত বেশি কমাতে পারবে। এর দাম শুরু ১২৯ ডলার থেকে।
এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এ নতুন ‘হেলথ সেন্সিং সিস্টেম’, এস১১ চিপ ও ‘রেডিনেস’ সুবিধা যুক্ত হয়েছে। নতুন অ্যাপল ওয়াচের দাম শুরু ৭৯৯ ডলার থেকে।
