নতুন বাসভাড়া নির্ধারণ
১ পয়সা বেশি নিলে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে ১ পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ে। সেই হিসেবে লিটারে ২০ টাকা বৃদ্ধির কারণে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিলো। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ কিলোমিটারে মাত্র ১৭ পয়সা বাড়াতে সমর্থ হয়েছি।
সড়ক পথের পাশাপাশি রেল ও নৌপথের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একটি বৈঠক নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
একই দিন সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, নতুন পুনঃনির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে এখন প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
// ইমরান//
