জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট শুরু
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের জেনারেল ডিবেট শুরু হয়েছে। ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর জেনারেল ডিবেটে অংশ নিয়ে বৈশ্বিক সংকট ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য দেবেন।
এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য ‘আস্থা পুনঃস্থাপন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। যুদ্ধ ও ভূরাজনীতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সংকট, জ্বালানি ও বৈশ্বিক শাসনব্যবস্থা এবারের আলোচনায় গুরুত্ব পাবে।
উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বে ক্রমবর্ধমান বিভাজন, যুদ্ধ, জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের কথা তুলে ধরেন। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন ‘ফাটল’ আরও গভীর হচ্ছে এবং ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে।
গুতেরেস বলেন, শুধু সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত শক্তি দিয়ে শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। আন্তর্জাতিক আইন ও জবাবদিহির ভিত্তিতে ক্ষমতার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
গাজা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের ভয়াবহতার কথা তুলে ধরে সেখানে জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার সমালোচনা করে যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের বিষয়টিও তুলে ধরেন।
নারী ও মেয়েদের অধিকার পিছিয়ে পড়ার বিষয়েও উদ্বেগ জানান গুতেরেস। পাশাপাশি জলবায়ু সংকটকে প্রজন্মগত বৈষম্যের অন্যতম বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
জেনারেল ডিবেটের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এরপর বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের প্রচলিত রীতি অনুযায়ী ব্রাজিল প্রথম দেশ হিসেবে বক্তব্য দেয় এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বক্তব্য থাকে এরপর।
// ইমরান//
