দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। বিষয়টি ভারতের হিন্দুস্তান টাইমসও জানিয়েছে।
আসাদ আলম সিয়াম দিল্লিতে বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৯৫ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া আসাদ আলম সিয়াম দীর্ঘ কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনারও ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান প্রটোকল কর্মকর্তা ও ইউরোপ-ইইউ উইংয়ের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
ভারতের সম্মতি পাওয়ার মধ্য দিয়ে দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
/শান্ত/
