প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক
বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে তাদের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্প, জ্বালানি সংকট ও ভবিষ্যৎ অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের সামাজিক কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন নিয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়াতে ৫০ শতাংশ গ্র্যান্ট এবং ৫০ শতাংশ সহজ শর্তের ঋণের মডেলে চলমান কর্মসূচি আরও বড় পরিসরে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া তেল-গ্যাস সংকট এবং সরবরাহব্যবস্থার সমস্যায় উন্নয়ন প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক এই বিষয়ে সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
/শান্ত/
