জাতিসংঘে লিগ্যাল অফিসার পদে নিয়োগ পেলেন জাইমা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। ৮ সেপ্টেম্বর ইউএনজিএর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে আইনি বিষয়গুলো দেখভাল করবেন জাইমা রহমান।
জাইমা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন জাইমা।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএনজিএ সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ কর্মকর্তা কাজ করছেন। তাদের মধ্যে ৬ জন বাংলাদেশি। কূটনীতিক আবদুল আলিম ওই দপ্তরের উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
//ইমরান//
