'বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার'
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জেপি মর্গান চেজের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আসার আগে ব্যবসায় কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ প্রয়োজন। বাংলাদেশে এমন পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, ১৮ কোটির বেশি মানুষের বাংলাদেশে তরুণ জনগোষ্ঠী, বড় বাজার ও কৌশলগত ভৌগোলিক অবস্থান রয়েছে। তৈরি পোশাকের পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, কৃষি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের সুযোগ রয়েছে।
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগ সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার সুযোগ সহজ করা এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।
/শান্ত/
