সুষ্ঠু ভোটে বদ্ধপরিকর ইসি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, উপনির্বাচনেও একইভাবে তা কার্যক্রম চালাবে।
নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁও-১ আসনে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
/শান্ত/
