নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।
এর আগে আগস্টে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ চূড়ান্ত হয়নি। এবার নতুন করে নভেম্বরের একটি উপযুক্ত সময় নির্ধারণে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করছেন। বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই আলোচনা আরও এগোতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিসহ কয়েকটি অমীমাংসিত বিষয়ও দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর মধ্যে গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে মোদি তাকে ধন্যবাদ জানান।
তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফর হবে কি না, সে বিষয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
/শান্ত/
