সৌদি প্রবাসীদের বিশেষ সতর্কবার্তা দিলো কনস্যুলেট
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে কনস্যুলেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। এই ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো কাগজপত্র না বুঝে স্বাক্ষর না করা এবং সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। নিজের ইকামা ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে।
এ ছাড়া এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রিসহ দণ্ডনীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির প্রলোভনে প্রতারণা থেকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।
/শান্ত/
