মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশি বীজ
মালদ্বীপের ৫ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন ৯ প্রজাতির ২১ হাজার ৩৬০টি বীজ ও চারা উৎপাদন সরঞ্জাম দিয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) মিয়ানজ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল অব এগ্রিকালচার বিভাগের কাছে এসব বীজ ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। এই উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন ও মিয়ানজ কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়।
চুক্তি অনুযায়ী, মালদ্বীপের মাটি ও জলবায়ুতে এসব বীজের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা হবে। সফল প্রজাতিগুলোর চারা উৎপাদন করে পরবর্তী সময়ে দেশটির বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বীজের মধ্যে রয়েছে- পেয়ারা, আকাশমণি, কৃষ্ণচূড়া, নিম, গগন শিরীষ, বকুল, ইপিল-ইপিল, অর্জুন ও বহেরা। মিয়ানজ কলেজ এসব বীজের চাষ, পরিচর্যা ও বৃদ্ধির তথ্য সংরক্ষণের পাশাপাশি গবেষণা পরিচালনা করবে।
// ইমরান//
