মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে যা জানালো মন্ত্রণালয়
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনে কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন শুরু হয়েছে। একটি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৮ কর্মীর চাহিদাপত্র সত্যায়নের তথ্যও নিশ্চিত হয়েছে।
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর প্রায় দুই মাস আগে মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর উদ্যোগ নেয় সরকার। এরপরও দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না অভিবাসনপ্রত্যাশীরা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত শ্রমবাজার চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বলেন, গণমাধ্যমসহ এটা নিয়ে যারা কাজ করছে, সবাইকে নিয়ে আমরা একটি গোলটেবিল কনফারেন্স করবো। সবার মতামত নিয়ে আমরা যাত্রাটা শুরু করবো।
