ব্যাংক খাত সংস্কারে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
দেশের ব্যাংক খাতের সামগ্রিক তদারকি জোরদার, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সমস্যাগ্রস্ত ব্যাংক পুনরুদ্ধারের লক্ষ্যে ১,২৭৬ কোটি টাকা ব্যয়ের ৫ বছর মেয়াদি একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
'ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২' শীর্ষক প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। প্রকল্প ডকুমেন্টের তথ্য অনুযায়ী, এই তহবিলের প্রায় পুরোটাই অর্থায়ন করছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।
দেশে বর্তমানে ব্যাংক খাতে প্রায় ৩৩ শতাংশ খেলাপি ঋণ, দুর্বল সুশাসন, বেশ কয়েকটি ব্যাংকে মূলধন ও তীব্র তারল্য সংকট এবং পুরোনো তথ্যপ্রযুক্তি অবকাঠামোর চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মূলত আর্থিক খাতের নিরাপত্তা বলয় শক্তিশালীকরণ, ব্যাংকের পুনর্গঠন ও সংকট সমাধান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ওপর দৃষ্টি দেবে।
প্রকল্পের ব্যয়ের বিশ্লেষণে দেখা যায়, মোট ১,২৭৬ কোটি টাকার মধ্যে ১,০৭৭ কোটি টাকাই মূলধনী ব্যয় হিসেবে বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৭১২ কোটি টাকা আইসিটি সরঞ্জাম এবং ৩৫৫ কোটি টাকা কম্পিউটার সফটওয়্যার কেনার জন্য রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শক সেবার সংস্থান রাখা হয়েছে।
// ইমরান//
