নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, ফাঁকা গুলি-অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তারাব পৌরসভার বরপা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫/২০ জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। এই সময় তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় ইয়ার হোসেনসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
//রুশা//
