হকার উধাও, ফাঁকা ফুটপাত একদিনেই বদলে গেলো মিরপুর
একদিন আগেও যেখানে হকারদের দখলে ছিলো ফুটপাত, সেখানে এখন নির্বিঘ্নে হাঁটছেন পথচারীরা। নেই চিরচেনা যানজট, কমেছে যত্রতত্র পার্ক করা গাড়িও। হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষের পর আবারও অভিযান চালানোর পর রাজধানীর মিরপুরের ফুটপাতের চিত্র বদলে গেছে।
গতকাল বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর, ২ নম্বর গোলচত্বর, ১২ নম্বর ও শেওড়াপাড়া এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত প্রায় ফাঁকা। আগে যেখানে সকাল থেকেই হকাররা পসরা সাজিয়ে বসতেন, সেখানে এখন নেই তাদের উপস্থিতি। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তবে হকাররা বলছেন, ফুটপাতে বসার সুযোগ বন্ধ হওয়ায় তারা ক্ষুব্ধ।
মিরপুর হোপ স্কুলের পাশে ফুটপাতে ব্যবসা করা এক পোশাক বিক্রেতা গণমাধ্যমকে বলেন, “আমরা এখন কী করে খাব। সরকার আমাদের বসার জায়গা করে দিক। তা না হলে বসতে দিক।”
এদিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলমান থাকবে। তিনি বলেন, জনগণের চলাচলের ফুটপাত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কেউ আবার বসলে আরও দ্বিগুণ শক্তি নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অন্যদিকে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, নির্ধারিত স্থান ছাড়া রাজধানীর কোথাও হকার বসতে দেওয়া হবে না। অবৈধভাবে বসলে মালপত্র ক্রোকের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চার মামলায় প্রায় এক হাজার আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ২৫ জন।
//আরএস//
