প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে গেলো ১২০০ ইউনিট
ছাদের সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন, নিজের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাসভবনের সৌর প্যানেল থেকে গত তিন দিনে ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) শেরেবাংলা নগরের সমবায় ভবনে ইউএনও ও ডিডি (এলজি)দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ এই তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এসব ভবনের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবেও দেখার কথা বলেন তিনি।
এই সময় দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সতর্ক থাকতে ইউএনওদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দরিদ্র মানুষের জরুরি সহায়তায় প্রতিটি ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন মীর শাহে আলম। এর মাধ্যমে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব বলে জানান তিনি।
এছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি ইউএনওদের তদারকিতে বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
//আরএস//
