আসিয়ান চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতলো হংকং
সংগৃহীত ছবি
ঘরের মাঠে কম্বোডিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আসিয়ান চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছে হংকং। কাই তাক মেইন স্টেডিয়ামে ফাইনালে সফরকারীদের ২-০ গোলে হারিয়ে এই ইতিহাস গড়লো স্বাগতিকরা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এটি ছিলো হংকংয়ের দশম জয়। এর আগে ১৪ বারের দেখায় হংকং জিতেছিলো ৯টি ম্যাচে, ৩টি ড্র হয়েছিলো এবং ২টিতে জয় পেয়েছিলো কম্বোডিয়া। তবে চলতি বছরের জুনে কম্বোডিয়ার কাছে ২-০ গোলে হেরে ৫৫ বছর পর প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিলো হংকং। ঘরের মাঠে এবারের ফাইনালটি তাই তাদের জন্য ছিলো সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ।
নিজেদের দর্শকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হংকং। ম্যাচের ৫ মিনিটের মাথায় সান মিং-হিমের পাস থেকে সুযোগ পেয়েছিলেন ফিলিপ চ্যান সিউ-কোয়ান, তবে তাঁর শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৪১ মিনিটে সান মিং-হিমের চমৎকার থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় বল জালে জড়ান ম্যাট অর। তাঁর এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।
বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে স্বাগতিক দল। ম্যাচের ৫২ মিনিটে ম্যাট অরের ক্রস থেকে ডি-বক্সে বল পান ফিলিপ চ্যান। সেখানে কম্বোডিয়ার ডিফেন্ডার তাঁকে ফাউল করলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে পেনাল্টির নির্দেশ দেওয়া হয়। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে ব্যবধান ২-০ করেন এভারটন কামার্গো। শেষ দিকে কম্বোডিয়া ব্যবধান কমানোর চেষ্টা করলেও হংকংয়ের রক্ষণভাগ ভাঙতে পারেনি।
//আইই//
